স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর মডেল থানার সামনে অবস্থিত ঐতিহ্যবাহী শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে লাইব্রেরিতে এসে চুরির আলামত দেখতে পান সংশ্লিষ্টরা। এই ঘটনায় নগদ ২৭ হাজার ৩শত ৯৬ টাকা এবং ২ লাখ টাকার মালামাল চুরি হয়ে যায়।
জানাযায়, মঙ্গলবার রাতে নিয়মিত কার্যক্রম শেষে অন্যান্য দিনের মতো সংশ্লিষ্ট সবাই লাইব্রেরি থেকে চলে যান। পরদিন বুধবার দুপুর ১২টার দিকে লাইব্রেরির দায়িত্বশীলরা এসে কলাপসিবল গেইটের তালা ভাঙা দেখতে পান। পরে ভেতরে প্রবেশ করে বিভিন্ন কক্ষের তালা ভাঙা ও মালামাল চুরি হওয়ার বিষয়টি নিশ্চিত হন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চোরেরা লাইব্রেরির সেক্রেটারির অফিস কক্ষের তালা ভেঙে ল্যাপটপ, আসবাবপত্র ও সিসি ক্যামেরা নিয়ে যায়। এছাড়া লাইব্রেরিয়ানের কক্ষের ওয়াইফাই যন্ত্রাংশ ও ক¤িপউটার যন্ত্রপাতি নিয়ে যায়। এছাড়া দ্বিতীয় তলার বিদ্যুৎ সংযোগ ও সিসি ক্যামেরার লাইন বিচ্ছিন্ন করে এবং মাইকের সুটকেসের তালা ভেঙে নগদ টাকাসহ বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ স¤পাদক অ্যাডভোকেট খলিল রহমান বলেন, আমি প্রতিদিনের মতো লাইব্রেরির গেইট খুলতে গিয়ে তালা ভাঙা দেখতে পাই। পরে ভেতরে গিয়ে দেখি বিভিন্ন কক্ষের তালা ভেঙে নগদ টাকা ও মূল্যবান মালামাল চুরি হয়েছে। আমরা থানা পুলিশকে বিষয়টি অবহিত করেছি।
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ রতন শেখ বলেন, পাবলিক লাইব্রেরিতে চুরির সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে দায়িত্বশীল পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। চুরি হওয়া মালামাল উদ্ধার এবং চোরকে আটক করতে আমরা অভিযান চালাচ্ছি।