স্টাফ রিপোর্টার ::
“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো স¤পদ ও জীবন” স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে শুরু হয়েছে ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬’। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ কর্মসূচি আগামী ২২ মে পর্যন্ত চলবে।
বুধবার সকাল ১১টায় বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির শুভ সূচনা করা হয়। পরে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণা করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাকিবুল হাসান রাসেল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সুনামগঞ্জের উপ-সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) সুবল চন্দ্র দেবনাথ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুনামগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার সোহেল রানা।
বক্তারা বলেন, অগ্নিকা- ও বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিস কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সচেতনতামূলক এ সপ্তাহ পালনের মাধ্যমে ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের সঙ্গে তাদের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সুনামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজিত অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
এসময় জনসাধারণের সুবিধার্থে যেকোনো জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিসের সহায়তা নিতে মোবাইল নম্বর ০১৭১০-১০২৩৬৯ এবং হটলাইন নম্বর ১০২-এ যোগাযোগের অনুরোধ জানানো হয়।