৬ বছর আগের ভিডিও দিয়ে অপপ্রচার, ভুয়া ফেসবুক পেজের বিরুদ্ধে থানায় অভিযোগ

আপলোড সময় : ২০-০৫-২০২৬ ০১:০৫:৩০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-০৫-২০২৬ ০১:০৫:৩০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সৌদি আরবে নির্যাতিত নারী শ্রমিকদের পক্ষে কথা বলায় ছয় বছর পর সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন সুনামগঞ্জের এক নারী। পুরনো ভিডিও বিকৃত ও বিভ্রান্তিকর ক্যাপশনে প্রচার করায় পরিবার নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন তিনি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে সুনামগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। ভুক্তভোগী ও তার পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর আগে ওই নারী সৌদি আরবে অবস্থানকালে বাংলাদেশি নারী শ্রমিকদের ওপর নির্যাতন ও দুর্ভোগের বিষয় তুলে ধরে দেশে ফিরে এক সাংবাদিককে ভিডিও সাক্ষাৎকার দেন। মূলত প্রবাসী নারীদের অধিকার ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই তিনি বক্তব্য দিয়েছিলেন। সম্প্রতি ‘Sunamganj24.com’ নামের একটি ভুয়া ফেসবুক পেজ থেকে সেই পুরনো ভিডিওটি নতুন করে আপলোড করা হয়। ভিডিওটির সঙ্গে “সৌদি আরবে সুনামগঞ্জের মেয়েকে যৌন নির্যাতন” ও “সৌদি আরবে সুনামগঞ্জের এক মেয়েকে কী করলো শুনুন...” শিরোনামে বিভ্রান্তিকর ও আপত্তিকর ক্যাপশন যুক্ত করা হয়। পরে ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ইতোমধ্যে হাজার হাজার প্রতিক্রিয়া ও শেয়ার হয়েছে বলে জানা গেছে। ভুক্তভোগীর অভিযোগ, সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটের একটি ভিডিওকে বিকৃতভাবে উপস্থাপন করায় তিনি ও তার পরিবার সামাজিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের নানা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে তাদের। সামাজিক মর্যাদা ক্ষুণœ হওয়ায় পরিবারের সদস্যরা ঘর থেকে বের হতেও অস্বস্তিতে ভুগছেন। কান্নাজড়িত কণ্ঠে ওই নারী বলেন, আমি ছয় বছর আগে প্রবাসীদের কষ্টের কথা বলেছিলাম। এখন সেই ভিডিও এনে ভুয়া পেজ থেকে নোংরা শিরোনাম দিয়ে ছড়ানো হচ্ছে। এতে আমার সম্মান নষ্ট হয়েছে। পরিবার নিয়ে আমরা চরম নিরাপত্তাহীনতায় আছি। আমি এর সুষ্ঠু বিচার চাই। তিনি আরও বলেন, সাংবাদিকরা জাতির দর্পণ। কিন্তু কথিত সাংবাদিকতা আর ভুয়া পেজের কারণে আজ অনেক মানুষ হয়রানির শিকার হচ্ছেন। ‎এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ বলেন, অভিযোগটি আমরা পেয়েছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের হেনস্থা ও সাইবার বুলিংয়ের বিষয়ে প্রশাসন অত্যন্ত কঠোর। ভুক্তভোগীর অভিযোগটি খতিয়ে দেখে তথ্যপ্রযুক্তি আইনের আওতায় উক্ত পেজের পেছনের অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com