‎জামালগঞ্জে তিনদিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ শুরু

আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ০৮:০৫:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ০৮:০৭:৩৪ অপরাহ্ন
‎মো. বায়েজীদ বিন ওয়াহিদ::
জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও ডিজিটালাইজড ভূমিসেবা পৌঁছে দেওয়া এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার জামালগঞ্জে তিনদিনব্যাপী ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। আগামী ২১ মে পর্যন্ত এ মেলা চলবে। ‎
মঙ্গলবার সকাল ১০টায় জামালগঞ্জ উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সারাদেশব্যাপী উদ্বোধনী কার্যক্রমের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম ফিতা কেটে তিনদিনব্যাপী মেলার উদ্বোধন করেন। ‎উদ্বোধন শেষে একটি র‌্যালি ভূমি অফিস প্রাঙ্গণ থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয়। ‎

সেবা নিতে আসা মো. আল মাসুদ বলেন, প্রতি বছর ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে বিশেষ সেবাদান স্টল স্থাপন করা হয়, যেখানে বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধান পাওয়া যায়।
তিনি আরো জানান, অন্যান্য সময়ের তুলনায় এ সময়ে সহজে ও অতিরিক্ত অর্থ ব্যয় ছাড়াই সেবা পাওয়া সম্ভব হয়। এতে তিনি সন্তোষ প্রকাশ করেন। ‎
মেলায় অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য সার্ভিস পোর্টালে নিবন্ধন কার্যক্রম, হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানে সহযোগিতা, ই-নামজারির আবেদন গ্রহণ, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক প্রদান, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ ও তাৎক্ষণিক সরবরাহ, ডাক বিভাগের মাধ্যমে অনলাইনে মৌজা ম্যাপ সরবরাহ এবং ভূমিসেবা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে সরাসরি উত্তর প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে। ‎

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাব্বির সারোয়ার, প্রাথমিক শিক্ষা অফিসার পীযুষ কান্তি তালুকদার, জনস্বাস্থ্য প্রকৌশলী রাম কুমার সাহা, যুব উন্নয়ন অফিসার আসগর আলী, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, ভীমখালী ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান তালুকদার, উপজেলা ভূমি অফিসের নাজির-কাম-ক্যাশিয়ার ছবির হোসেন, সাচনা বাজার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আস-আদ, ভীমখালী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কাজী দেলোয়ার হোসেনসহ উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com