স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের মাইজবাড়ি বদিপুর এলাকার বাসিন্দা আল হোসেনের চুরি হওয়া দুটি সিএনজি উদ্ধারে অভিযান চালিয়ে দুই চোরকে আটক এবং একটি সিএনজি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চুরির মূলহোতা ও একাধিক মামলার আসামি কামরুল মিয়াকে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানা পুলিশ আটক করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে নবীগঞ্জ উপজেলার গুমগুমইয়া এলাকা থেকে চুরি হওয়া একটি সিএনজি উদ্ধার করা হয়। একই সময় দুই চোরকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই জহির। পরে চক্রের মূল গডফাদার হিসেবে পরিচিত মো. কামরুল মিয়া (৩১) কে আটক করা হয়। সে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার রুস্তমপুর দেবপাড়া গ্রামের জামশেদ মিয়ার ছেলে। কামরুল মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ২৯টি মামলা রয়েছে। বর্তমানে তাকে সুনামগঞ্জ থানায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
পুলিশ জানিয়েছে, চুরি হওয়া অপর সিএনজিটি উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে এবং চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে কাজ চলছে।