স্টাফ রিপোর্টার ::
ধর্মপাশায় হাওরে ডুবে থাকা একটি নলকূপ থেকে উচ্চচাপে কাদাজল মিশ্রিত গ্যাস বের হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৮ মে) দুপুরে উপজেলার রায়পুর গ্রামের টগার হাওরের পূর্বপাশে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ধর্মপাশার রাজাপুরের রায়পুর গ্রামের টগার হাওরে বোরো ধান কাটা শেষে এরই মধ্যে পুরো হাওর পানিতে টইটম্বুর। হঠাৎ হাওরে থাকা একটি ডুবন্ত নলকূপ থেকে উচ্চচাপে কাদাজল মিশ্রিত গ্যাস ওপরে উঠতে থাকে। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা সেই দৃশ্য দেখতে সেখানে ভিড় করেন।
পাইকুরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজ্জামেল হক জানান, সোমবার দুপুরে রায়পুরের হাওরের ডুবন্ত নলকূপ থেকে গ্যাস বের হয়ে ওপরে উঠতে থাকে। বিষয়টি জেনে আমি নিজেও ঘটনাস্থলে এসেছি। তবে আপাতত এটি বন্ধ হয়ে গেছে।
ধর্মপাশা উপজেলার নির্বাহী কর্মকর্তা জনি রায় বলেন, হাওরের ডুবন্ত একটি নলকূপ থেকে গ্যাস বের হচ্ছে বলে অনেকেই আমাকে মোবাইলফোনে জানিয়েছেন। এই বছরের জানুয়ারিতে একই জায়গা থেকে গ্যাস উঠেছিল। তবে আমরা এখনও নিশ্চিত নই এটি গ্যাস নাকি অন্য কিছু। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে বিষয়টি যাচাই করা হবে।