স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক হওয়া এক মামলায় তুষার মিয়া নামে এক যুবককে ৫ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদন্ড- প্রদান করা হয়েছে।
রোববার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ হাবিবুর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। মামলাটি ছিল জি.আর মামলা নং-২৭/২০২২ (সদর), যা সদর মডেল থানার মামলা নং-০৭, তারিখ ০৭ ফেব্রুয়ারি ২০২২ থেকে উদ্ভূত।
দন্ডপ্রাপ্ত তুষার মিয়া সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের বিরামপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি সুনামগঞ্জ পৌরসভার নবীনগর এলাকার শাহীন কলোনীতে বসবাস করতেন। আদালত তাকে দন্ড বিধির ৩৯৯ ধারায় দোষী সাব্যস্ত করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি ভোর রাতে সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় রাত্রিকালীন ডিউটিকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, উকিলপাড়া এলাকার সৈকত মেগা শপের সামনে ৭/৮ জন ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও তুষার মিয়াকে একটি সিএনজি অটোরিকশাসহ আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি ও অটোরিকশা থেকে একটি স্টিলের টিপ চাকু, একটি ধারালো ছোরা, একটি চাপাতি এবং রেজিস্ট্রেশনবিহীন সিএনজি উদ্ধার করা হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তুষার মিয়াসহ পলাতক আসামি এনামুল হক বাদশা ও মতিউর রহমান এবং অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে দন্ড-বিধির ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় তুষার মিয়ার বিরুদ্ধে এ রায় প্রদান করেন।