স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে আঙ্গুর আলী (৪২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৭ মে) সকালে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রাজাই-বারেকটিলা সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আঙ্গুর আলী রাজাই গ্রামের মৃত মনসুর আলীর ছেলে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সীমান্ত সংলগ্ন রাজাই গ্রামের মিশন স্কুলসংলগ্ন বারিক্কার টিলা সড়কের পাশে আঙ্গুর আলীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি জানাজানি হলে উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া এবং বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে পুলিশ মরদেহের পরিচয় শনাক্ত করে।
বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।