স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে মাদক নির্মূল অভিযানে কঠোর মনোভাব নিয়ে কাজ করছে সদর মডেল থানা পুলিশ। অভিযানে মাঠপর্যায়ে সার্বিক নেতৃত্ব দিচ্ছেন সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রতন শেখ পিপিএম। তার দিকনির্দেশনায় শনিবার বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ঘাসিগাঁও এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মৃত আব্দুল জব্বারের ছেলে মনু মিয়া (৫০)কে তার বাড়ির সামনে থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ইয়াবা, গাঁজা এবং মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
পুলিশ জানায়, মনু মিয়ার বিরুদ্ধে আদালত থেকে সাজাপ্রাপ্ত পরোয়ানা থানায় এসেছে। এছাড়া পূর্বের একটি মাদক মামলায় তার তিন বছরের সাজাও রয়েছে।
একই অভিযানে গাঁজাসহ আরও এক যুবককে আটক করা হয়। আটককৃত অপর আসামি হলেন বদিপুর নগর ইউনিয়নের মাইজবাড়ি গ্রামের মো. সেলিমের ছেলে মোহাম্মদ বিজয় (১৯)।
অভিযানে এসআই আবু হানিফ, এসআই রবিউল, এএসআই জহিরুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ সদস্য মোতালেব অংশ নেন।