সুনামকণ্ঠ ডেস্ক ::
সিলেট বিভাগে হাম ও রুবেলার প্রাদুর্ভাব আরও উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট ৩২ জনের মৃত্যু হয়েছে। এদিকে পাঁচ মাস বয়সী শিশুর নাম বন্ধন। হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বলাকান্দি গ্রামের নির্মল দাসের সন্তান। বন্ধন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
শুক্রবার (১৫ মে) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ মে পর্যন্ত মোট ১৪৯ জনের পরীক্ষাগারে সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে হবিগঞ্জে ১৬ জন (২ জন রুবেলা), মৌলভীবাজারে ১৬ জন, সুনামগঞ্জে ৭৫ জন এবং সিলেট জেলায় ৪২ জন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে মোট ৩১১ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ৯৮ জন ভর্তি আছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং ৫৯ জন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে রোগীরা চিকিৎসা নিচ্ছেন।