শান্তিগঞ্জ প্রতিনিধি ::
সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, শান্তিগঞ্জ উপজেলায় একটি আধুনিক মানের হাসপাতাল রয়েছে। স্বাস্থ্যসেবা খাতসহ সর্বক্ষেত্রে অনেকটা এগিয়ে গেছে। এখানে সকল রোগের পরীক্ষা-নিরীক্ষা করার যন্ত্রপাতি রয়েছে। আমিসহ জনপ্রতিনিধিরা সরকারি স্বাস্থ্যসেবা গ্রহণ করলে সেবার মান আরো উন্নত হবে। এখন থেকে আমিও এই হাসপাতাল থেকে চিকিৎসা সেবা গ্রহণ করবো। তিনি বলেন, স্থানীয় জনপ্রতিনিধিরা সরকারি হাসপাতাল থেকে চিকিৎসা নিলে সাধারণ মানুষের হাসপাতালের প্রতি আস্থা বাড়বে।
তিনি বুধবার (১৩ মে) সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির অধীনে ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে কার্যক্রমের নামফলক উন্মোচন, ফিতা কেটে এক্স-রে মেশিন উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এমপি মোহাম্মদ কয়ছর আহমদ আরো বলেন, সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে চিকিৎসকদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। পাশাপাশি হাসপাতালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, পর্যাপ্ত ঔষধ সরবরাহ ও ডেন্টাল ডাক্তারের চেয়ারসহ যন্ত্রপাতি সরবরাহসহ হাসপাতালের উন্নয়নের স্বার্থে আমি সরকারের সকল দপ্তরে যোগাযোগ করবো। যাতে সরকারি উন্নয়ন বরাদ্দের মাধ্যমে বেশী বেশী রোগীকে বিনামূল্যে সেবা পৌঁছে দেয়া যায়।
এসময় সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ হাসপাতালে এক্স-রে কার্যক্রমের উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় অংশ নিয়ে তিনি হাসপাতালের সার্বিক কার্যক্রম, রোগীদের সেবার মান, চিকিৎসকদের উপস্থিতি, জনবল ও চিকিৎসাসেবা প্রদানের পরিস্থিতি স¤পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। পাশাপাশি স্বাস্থ্য সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
জেলা সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন শরীফির সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার (টিএইচও) মো. ইকবাল হাসানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহ জাহান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. ফারুক আহমদ, কেন্দ্রীয় যুবদল নেতা ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. আনছার উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. জালাল উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সৈকত দাস, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মো. সুফি মিয়া প্রমুখ।
এর আগে সদস্য সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ শান্তিগঞ্জ উপজেলা প্রাঙ্গণে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অধীনে গত রমজানে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৫টি ইউনিয়নের ৪০টি পরিবারকে ১ বান করে ঢেউটিন, উপজেলা সমাজসেবা অফিসের অধীনে ২৭৯ জন বিধবা, ১০৪ জন বয়স্ক, ২০৮ জন প্রতিবন্ধি, ১ জন বেদে, ২ জন অনগ্রসর, ৩ জন তৃতীয় লিঙ্গ, ৬ অনগ্রসর ব্যক্তির মাঝে ভাতাবহি বিতরণ করা হয়। এছাড়াও উপজেলা সমাজসেবা অফিসের অধীনে উপজেলা রোগী কল্যাণ সমিতির পক্ষ থেকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ৭৩ হাজার টাকা সম মূল্যের স্যালাইন, গ্লাভস, সিরিঞ্জ প্রদান করা হয়।