স্টাফ রিপোর্টার ::
মাদকবিরোধী অভিযানে অভিনব কৌশল অবলম্বন করে দুই মাদক কারবারিকে আটক করেছে সুনামগঞ্জ সদর থানা পুলিশ। গভীর রাতে সিভিল ড্রেসে পরিচালিত এ অভিযানে সুনামগঞ্জ সদর হাসপাতাল থেকে কথিত মাদক সম্রাট পঙ্কজের অন্যতম সহযোগী তাজুল ইসলামকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানাযায়, জেলার আলোচিত মাদক কারবারি পঙ্কজ আটকের পর তার ঘনিষ্ঠ সহযোগী ও প্রধান সেনাপতি হিসেবে পরিচিত আইনুলকে হেফাজতে নেওয়া হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুলিশ সদস্যরা ছদ্মবেশে অংশ নেন।
অভিযান চলাকালে সুনামগঞ্জ সদর হাসপাতাল থেকে তাজুল ইসলাম (৪০)-কে আটক করা হয়। সে সদর উপজেলার নতুন হাসননগর এলাকার বাবর আলীর ছেলে। একই অভিযানে মহিনুল হক (২২) নামে আরও একজনকে আটক করা হয়েছে। সে আফতাবনগর এলাকার ময়না মিয়ার ছেলে।
অভিযানে সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) আরিফ, এসআই রিফাত, এএসআই জাকারিয়াসহ পুলিশের একটি দল অংশ নেয়।
পুলিশ জানিয়েছে, সন্ত্রাস ও মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং এ ব্যাপারে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।