স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদরে লাইসেন্স ছাড়াই অবৈধভাবে পেট্রোল পরিবহনের দায়ে এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ট্রাকসহ ১ হাজার ৮০০ লিটার পেট্রোল জব্দ করা হয়। সোমবার (১১ মে) গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর উপজেলার ওয়েজখালি এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসেল মিয়া। অভিযানে তাকে সহযোগিতা করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, লাইসেন্স ছাড়া অবৈধভাবে নয়টি ড্রামে পেট্রোল বহন করা হচ্ছিল। এ সময় পেট্রোলবোঝাই একটি ট্রাক আটক করা হয়। পরে অভিযুক্ত তানভীর হোসেনকে (৩১) ১০ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়। তিনি তাহিরপুর উপজেলার মধ্য তাহিরপুর গ্রামের হাজী রফিকুল ইসলামের ছেলে।
অভিযানকালে উদ্ধার হওয়া ১ হাজার ৮০০ লিটার পেট্রোল ও ট্রাক জব্দ করে সদর থানা পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসেল মিয়া বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। লাইসেন্সবিহীনভাবে দাহ্য পদার্থ পরিবহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।