স্টাফ রিপোর্টার ::
শান্তিগঞ্জে ধানবাহী ট্রাক্টরের ধাক্কায় আবিদ আল হাসান (১০) নামে মাদ্রাসা পড়ুয়া ছাত্র নিহত হয়েছেন। শনিবার (৯ মে) সকাল ১০ টায় জগন্নাথপুর-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের আক্তাপাড়া মিনাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আবিদ উপজেলার দরগাপাশা ইউনিয়নের আক্তাপাড়া গ্রামের যুক্তরাজ্য প্রবাসী জামিল আল হাসানের বড় ছেলে। সে একই ইউনিয়নের হরিনগর গ্রামের রওজাতুল কুরআন ইসলামিয়া হাফিজিয়া মাদরাসা হিফজ বিভাগের ছাত্র ছিল।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলিউল্ল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার মাদরাসা থেকে ছুটি নিয়ে বাড়িতে আসে আবিদ। শনিবার সকালে নিজ গ্রাম থেকে সাইকেল চালিয়ে আক্তাপাড়া মিনাবাজারে যায়। বাজার থেকে বের হওয়ার সময় ধানবোঝাইকৃত একটি ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।