ছাতক প্রতিনিধি ::
ছাতকে একটি পিকআপ গাড়িতে সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও লুণ্ঠিত টাকার একটি অংশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহ¯পতিবার রাত প্রায় ১২টার দিকে জগন্নাথপুরগামী একটি পিকআপ গাড়ি উপজেলার ভাতগাঁও ইউনিয়নের শক্তিয়ারগাঁও এলাকার দারাখাই ব্রিজের কাছে পৌাঁলে আগে থেকে ওৎ পেতে থাকা ৮-১০ জনের একটি ডাকাত দল গাড়ির গতিরোধ করে। পরে তারা হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে। এ সময় গাড়িতে থাকা দোকান কর্মচারী স্বপন দাসের কাছ থেকে নগদ ২ লাখ ৬ হাজার টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে জড়িত সন্দেহে জগন্নাথপুর উপজেলার মজিদপুর গ্রামের নিজাম উদ্দীনের ছেলে আজির উদ্দিন (৩৩) এবং শান্তিগঞ্জ উপজেলার ইশাকপুর গ্রামের হাবিব মিয়ার ছেলে হোসাইন আহমদকে (২২) গ্রেফতার করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত হোসাইন আহমদের কাছ থেকে লুণ্ঠিত ২৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দোকান মালিক মতিউর রহমান বাদী হয়ে ছাতক থানায় একটি মামলা দায়ের করেছেন।
শুক্রবার সকালে ছাতক থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ছাতক সার্কেলের এএসপি শেখ মো. মোরসালিন জানান, গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তিনি আরও জানান, লুণ্ঠিত বাকি টাকা উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ সময় ছাতক থানা-র অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।