সড়কের মাঝে বৈদ্যুতিক খুঁটি, জননিরাপত্তার চেয়ে কি দপ্তরীয় জটিলতা বড়?

আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ১০:২২:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ১০:২২:৩৪ অপরাহ্ন
সড়কের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি শুধু একটি অব্যবস্থাপনার চিত্র নয়, এটি জননিরাপত্তার জন্য এক ভয়াবহ হুমকি। সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর-ধোপাখালি সড়কে দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে থাকা খুঁটিগুলো প্রতিদিন হাজারো মানুষের জীবনের ঝুঁকি বাড়িয়ে তুলছে। অথচ এ নিয়ে সংশ্লিষ্ট দুই দপ্তরের দায়িত্বহীনতা ও ঠেলাঠেলি সাধারণ মানুষের উদ্বেগ আরও বাড়িয়েছে। একটি জনগুরুত্বপূর্ণ সড়কের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশেষ করে যখন প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এবং স্থানীয়রা দীর্ঘদিন ধরে এ বিষয়ে অভিযোগ জানিয়ে আসছেন। রাস্তা প্রশস্ত করা হয়েছে, কিন্তু খুঁটি অপসারণ করা হয়নি - এটি পরিকল্পনার সমন্বয়হীনতার স্পষ্ট উদাহরণ। উন্নয়ন কাজের মূল উদ্দেশ্য মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করা। সেখানে উন্নয়নই যদি মানুষের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়, তবে সেই উন্নয়নের সার্থকতা কোথায়? পৌরসভা বলছে বিদ্যুৎ বিভাগ খুঁটি সরাচ্ছে না, আবার বিদ্যুৎ বিভাগ বলছে খরচ না দিলে তারা লাইন স্থানান্তর করবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে- এই প্রশাসনিক জটিলতার দায় কি সাধারণ মানুষ বহন করবে? জনগণের ট্যাক্সের অর্থে পরিচালিত প্রতিষ্ঠানগুলোর প্রধান দায়িত্বই হচ্ছে জনস্বার্থ রক্ষা করা। তাই দায়িত্ব এড়ানোর মানসিকতা পরিহার করে দ্রুত সমন্বিত উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবি। দুর্ঘটনা ঘটার পর দায় চাপানোর চেয়ে দুর্ঘটনা প্রতিরোধ করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটি বড় দুর্ঘটনার অপেক্ষায় না থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত জরুরি ভিত্তিতে খুঁটিগুলো অপসারণ করে নিরাপদ স্থানে স্থানান্তরের ব্যবস্থা করা। পাশাপাশি ভবিষ্যতে কোনো সড়ক উন্নয়ন প্রকল্প গ্রহণের আগে সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করতে হবে। জননিরাপত্তা কোনো দপ্তরের একক বিষয় নয়; এটি সবার সম্মিলিত দায়িত্ব। তাই মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে রেখে দাপ্তরিক জটিলতার অজুহাত আর গ্রহণযোগ্য হতে পারে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে - এটাই এলাকাবাসীর প্রত্যাশা।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com