৫ আগস্টের পর পুলিশ হত্যা-থানা লুটের বিচার দাবি

আপলোড সময় : ২৯-০৪-২০২৬ ১০:৫৫:৪২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-০৪-২০২৬ ১০:৫৫:৪২ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ ডেস্ক :: ৫ আগস্টের পর দেশের বিভিন্ন স্থানে থানা লুট ও পুলিশ হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান। তিনি বলেছেন, ৫ আগস্ট-পরবর্তী ঘটনাগুলো কোনোভাবেই আইনি ইনডেমনিটি (দায়মুক্তি) পাওয়ার কথা নয়। মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনটি অনুষ্ঠিত হয়। ফজলুর রহমান বলেন, পুলিশের বিষয়ে যে ইনডেমনিটি দেওয়া হয়েছে, সেটি ৫ আগস্ট পর্যন্ত এক রকম। কিন্তু এর পর এত থানা লুট হলো, এত পুলিশ সদস্যকে হত্যা করা হলো; তারা তো তখন কোনো যুদ্ধ করছিল না, তারা নিরপরাধ ছিল। এত অস্ত্র কোথায় গেল, সেটিও একটি বড় প্রশ্ন। স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ৫ আগস্টের পর যদি কোনো পুলিশ হত্যা, থানা লুট বা অস্ত্র লুট হয়ে থাকে, তবে সেগুলোর সুষ্ঠু তদন্ত ও বিচার হওয়া উচিত। পুলিশ সদস্যদেরও মানবাধিকার রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ৫ আগস্টের আগে পুলিশ যা করেছে, তা রাষ্ট্রীয় বাহিনীর সদস্য হিসেবে করেছে। তারা যদি কোনো অন্যায় করে থাকে, তার বিচার হওয়া উচিত। তবে তারাও এ দেশের নাগরিক, তাদের পরিবার রয়েছে, তাদের সন্তানরাও এতিম হয়েছে। অন্তত রাষ্ট্রের উচিত তাদের পাশে দাঁড়ানো এবং বলা; তোমাদের সন্তান যেভাবেই নিহত হয়ে থাক, আমরা তোমাদেরকে দেখবো।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com