দিরাইয়ে বিষপানে স্বামী-স্ত্রীর মৃত্যু

আপলোড সময় : ২৬-০৪-২০২৬ ১০:৪৫:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৪-২০২৬ ১০:৪৫:২৬ অপরাহ্ন
দিরাই প্রতিনিধি :: দিরাই উপজেলায় বিষপানে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার রফিনগর ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহতরা হলেন- মির্জাপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে মাহফুজ (২০) এবং একই গ্রামের মুর্শেদ মিয়ার মেয়ে মনিকা (১৮)। পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মাত্র পাঁচ মাস আগে মির্জাপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে গার্মেন্টস কর্মী মাহফুজ ওই গ্রামের মুর্শেদ মিয়ার মেয়ে মনিকাকে নিজ পছন্দে গোপনে বিয়ে করলেও দুই পরিবার মেনে নেয়। মাহফুজের বাবা আজিজুর রহমান বলেন, আমরা তাদের বিয়ে মেনে নিয়ে সুখেই আমাদের সংসার চলছিল। আজ সকালেও আমার স্ত্রী ও পুত্রবধূ মনিকা আমাদের সকালে খাবার পরিবশেন করেন। খাবার শেষে আমরা ধান কাটতে হাওর গেলে কিছুক্ষণ পর খবর পাই আমার ছেলে ও পুত্রবধূ রান্না ঘরে একসাথে বিষপান করেছে। আমরা দ্রুত তাদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনিকাকে মৃত ঘোষণা করেন এবং মাহফুজকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে তার মৃত্যু হয়। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, স্বামী-স্ত্রীর একসঙ্গে বিষপানের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com