শান্তিগঞ্জ প্রতিনিধি ::
সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, শিক্ষার্থীদের নিজেদের সন্তানের মতো মমতা দিয়ে শিক্ষা দিতে হবে। পাশাপাশি শুধু শিক্ষকদের ওপর নির্ভর না করে অভিভাবকদেরও দায়িত্বশীল হতে হবে - তাহলেই শিক্ষার মান বাড়বে।
শনিবার দুপুরে শান্তিগঞ্জ উপজেলা মিনি স্টেডিয়ামে উপজেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের (বালক-বালিকা) ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উদ্দেশ্যে এমপি কয়ছর আহমদ বলেন, আপনাদের দায়িত্ব অনেক। আপনারা শুধু প্রশাসনিক প্রধান নন, স্কুল, শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের অভিভাবকও। প্রতিটি স্কুলের শিক্ষা ও খেলাধুলার প্রতি সমান গুরুত্ব দিলে প্রতিষ্ঠানগুলো এগিয়ে যাবে, আর এতে ইউনিয়নের সম্মানও বাড়বে।
টুর্নামেন্টে বালক বিভাগের ফাইনালে শিমুলবাক ইউনিয়নের জিবদারা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে জয়কলস ইউনিয়নের ইয়াকুব আলী কামরূপদলং সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। এর আগে মেয়েদের ফাইনালে গনিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে কামরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
পরে প্রধান অতিথি বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান। রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার চক্রবর্তীর সঞ্চালনায় বক্তব্য রাখেন দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়া।