স্টাফ রিপোর্টার ::
বিগত কয়েকদিনে উজানে বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের নদনদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সুনামগঞ্জের সুরমা কুশিয়ারা বৌলাইসহ জেলার অন্যান্য নদীর পানি আরও বাড়বে। এ জন্য ক্ষেতের ধান ৮০ ভাগ পাকলে কেটে ফেলার অনুরোধ জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড-পাউবো।
মঙ্গলবার সুনামগঞ্জ পাউবো’র নির্বাহী পরিচালক মামুন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের উত্তর-পূর্বাঞ্চল, বিশেষ করে সুনামগঞ্জ জেলার মধ্যে দিয়ে প্রবাহিত সুরমা, কুশিয়ারা ও বৌলাইসহ অন্যান্য নদীর উজান অববাহিকায় বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ায় নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী কয়েকদিন নদ-নদীর পানি সমতল দ্রুত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে, এমনকি যে কোনো সময় আগাম বন্যা পরিস্থিতি উদ্ভব হতে পারে। এছাড়া হাওরের অভ্যন্তরে বৃষ্টিপাতের ফলে অপেক্ষাকৃত নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। সম্ভাব্য পরিস্থিতিতে বোরো ফসলের ক্ষয়ক্ষতি কমাতে কৃষকগণকে যেসকল জমির ৮০ শতাংশ ধান পাকা এরূপ জমির ধান দ্রুত কর্তনের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।