ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার গাবী গ্রামের সামনে থাকা ডোবায় ডুবে মঙ্গলবার দুপুরে আলিফ মিয়া নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তার বাড়ি উপজেলার বীর দক্ষিণ পূর্বপাড়া গ্রামে।
এলাকাবাসী ও ওই শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার সেলবরষ ইউনিয়নের বীর দক্ষিণ পূর্বপাড়া গ্রামের বাসিন্দা সুমন মিয়া (৩০) তার স্ত্রীকে নিয়ে ঢাকার একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক হিসেবে কাজ করেন।তার ছেলে আলিফ মিয়া গত ছয়মাস ধরে সে পাশের গাবী গ্রামে থাকা তার মামার বাড়িতে বসবাস করে আসছে। মঙ্গলবার বেলা ১টার দিকে সে তার মামার বাড়ির সামনে থাকা ডোবার পানিতে গোসল করতে যায়। পরবর্তীতে তাকে না পেয়ে স্থানীয় লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বেলা আড়াইটার দিকে ডোবা থেকে ওই শিশুটির লাশ উদ্ধার করা হয়।
ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা এই মৃত্যুর খবরটির সত্যতা নিশ্চিত করেছেন।