সুনামকণ্ঠ ডেস্ক ::
দেশে হামের প্রাদুর্ভাব বেড়েই চলছে। এর সঙ্গে বাড়ছে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিলও। দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এই রোগের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন নিশ্চিত হাম ও বাকি তিনজন উপসর্গ নিয়ে মারা গেছেন।
রবিবার (১৯ এপ্রিল) দৈনিক বুলেটিনে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। শনিবার (১৮ এপ্রিল) সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত উপাত্তের ভিত্তিতে এসব তথ্য জানানো হয়।
বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ১৯৭ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৬৫ জন। এদিকে, এই পর্যন্ত হাসপাতালে সন্দেহজনক হামে ভর্তি হয়েছে ১৫ হাজার ৩২৬ জন। আর সব মিলিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১২ হাজার ৩৯৬ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৩৬ জন মারা গেছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১৮১ জন।