স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চোরাই মোটরসাইকেল বিক্রির মামলায় মো. গয়াছ আলী নামে এক ব্যক্তিকে ৩ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদন্ড-, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে। দন্ড-প্রাপ্ত মো. গয়াছ আলী সিলেট ওসমানীনগর থানার পারকুল গ্রামের মৃত আব্দুল মজিদের পুত্র। গত ১ এপ্রিল (বুধবার) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জি.আর মামলা নং-২৮৯/২০২৩ (ছাতক) এর শুনানি শেষে দন্ড-বিধি ১৮৬০-এর ৪১৩ ধারায় অভিযুক্ত মো. গয়াছ আলীকে দোষী সাব্যস্ত করা হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ২৭ নভেম্বর ছাতক থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চেচান বাজার সংলগ্ন সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে অভিযান চালায়। এসময় চোরাই মোটরসাইকেল বিক্রির উদ্দেশ্যে অবস্থানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন পালানোর চেষ্টা করলে গয়াছ আলীকে আটক করা হয়। এসময় তার হেফাজত থেকে একটি লাল রঙের হিরো হোন্ডা স্পেলন্ডার মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে আটক আসামি মোটরসাইকেলটি চোরাই বলে স্বীকার করে। উদ্ধারকৃত মোটরসাইকেল জব্দ করে পুলিশ নিয়মিত মামলা দায়ের করে। মামলাটি তদন্ত ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এ রায় দেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. জিয়াউর রহিম এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো. চান মিয়া।