বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং জনদুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ নিন

আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ১০:০২:৫৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ১০:০২:৫৬ পূর্বাহ্ন
সুনামগঞ্জে ঘন ঘন লোডশেডিং এখন আর সাময়িক সমস্যা নয়, এটি জনজীবনের জন্য এক গভীর সংকটে রূপ নিয়েছে। দিনের অর্ধেক সময় বিদ্যুৎ না থাকা শুধু ভোগান্তির বিষয় নয়, এটি মানুষের স্বাভাবিক জীবনযাপন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং কৃষিনির্ভর অর্থনীতির ওপর সরাসরি আঘাত হানছে। চাহিদার তুলনায় অর্ধেকেরও কম বিদ্যুৎ সরবরাহের যে চিত্র উঠে এসেছে, তা নিঃসন্দেহে উদ্বেগজনক। সুনামগঞ্জে প্রায় সাড়ে চার লাখ গ্রাহকের বিপরীতে যে বিদ্যুৎ সরবরাহ রয়েছে, তা প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল। শহর, দিরাই জোন কিংবা পল্লী বিদ্যুৎ - সবখানেই একই চিত্র। চাহিদা ও সরবরাহের এই বিপুল ব্যবধান কেবল পরিসংখ্যান নয়; এর পেছনে রয়েছে হাজারো মানুষের দুর্ভোগ, ক্ষতি ও হতাশার চিত্র। বিশেষ করে ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির মুখে পড়ছেন। দোকানপাট, ক্ষুদ্র শিল্প, অনলাইনভিত্তিক সেবা - সবকিছুই বিদ্যুতের ওপর নির্ভরশীল। বিদ্যুৎ না থাকলে উৎপাদন ব্যাহত হয়, আয় কমে যায়, বাড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা। একইসঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনা, হাসপাতালের সেবা এবং গরমে সাধারণ মানুষের জীবন হয়ে উঠে দুর্বিষহ। বিদ্যুৎ বিভাগ সরবরাহ ঘাটতির কথা বলছে, যা বাস্তবতা। কিন্তু প্রশ্ন হলো, এই সংকট মোকাবেলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা কোথায়? কেন একটি জেলার চাহিদা অনুযায়ী বিদ্যুৎ নিশ্চিত করা যাচ্ছে না? জাতীয় গ্রিডে ঘাটতি থাকলে তার চাপ কেন কেবল প্রান্তিক জেলার মানুষ বহন করবে? আমরা মনে করি, এই পরিস্থিতি মোকাবেলায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সুনামগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বাড়াতে জাতীয় পর্যায়ে বিশেষ উদ্যোগ প্রয়োজন। গ্রিড সক্ষমতা বৃদ্ধি, বিকল্প উৎস থেকে বিদ্যুৎ সরবরাহ, উপকেন্দ্রগুলোর সক্ষমতা উন্নয়ন এবং লোড ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি জনগণকে নির্ধারিত লোডশেডিং সূচি জানিয়ে ভোগান্তি কিছুটা হলেও কমানো যেতে পারে। সুনামগঞ্জ হাওরাঞ্চল, সীমান্ত জেলা এবং কৃষি-অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ অঞ্চল। এখানে বিদ্যুৎ সংকট দীর্ঘস্থায়ী হলে এর নেতিবাচক প্রভাব আরও বিস্তৃত হবে। তাই এই সংকটকে শুধু প্রযুক্তিগত সমস্যা হিসেবে নয়, জনস্বার্থের জরুরি ইস্যু হিসেবে বিবেচনা করা জরুরি। মানুষের ন্যূনতম নাগরিক অধিকার নিশ্চিত করতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এখন সময়ের দাবি। সুনামগঞ্জের মানুষ আর প্রতিশ্রুতি নয়, বাস্তব সমাধান চায়।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com