স্টাফ রিপোর্টার ::
সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ জনউদ্যোগ ও স্বপ্নডানার আয়োজনে শনিবার বিকেলে শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে এই ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়।
উৎসবে অংশগ্রহণকারী শিশুদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। বস্তা দৌড়, সাধারণ দৌড়, মোরগের লড়াই এবং ভালো কাজের প্রতিযোগিতা বিশেষভাবে আকর্ষণ করে শিশুদের। প্রতিটি খেলায় অংশগ্রহণকারী শিশুদের প্রাণচাঞ্চল্যে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
ক্রীড়া উৎসব শেষে শহরের সুনামগঞ্জ প্রেসক্লাবে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীসহ মোট ২০ জন শিশুর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী কমিটির সদস্য মাহবুবুল হাছান শাহীন, স্বপ্নডানার প্রধান নির্বাহী জাহাঙ্গীর আলম, বিশিষ্ট সমাজসেবক দেওয়ান মোবাশ্বির রাজা চৌধুরী সুজন, সদর উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন। অতিথিগণ বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এমন আয়োজন সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই শিশুদের ভালোর দিকে ফেরানো গেলে সমাজের অনেক ভালো কিছু বয়ে আনবে।
সমাপনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব সাইদুর রহমান আসাদ।