স্টাফ রিপোর্টার ::
জগন্নাথপুরে স্বেচ্ছাসেবী সংগঠন মরহুম ওলিউর রহমান মালেকা জনকল্যাণ ট্রাস্ট-এর উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ, সম্মাননা প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ৫টি স্কুল ও মাদ্রাসার ৭৫ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে হবিবপুর পশ্চিমপাড়া শাহী ঈদগাহ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফিরোজ আলী এবং সঞ্চালনা করেন মো. শামীনূর রহমান (শামীম রানা)। অনুষ্ঠানে ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. তছলিম আহমেদ বাবুলের পক্ষে সম্মানিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী এনাম হোসেন, বিএনপি নেতা হাসান আহমদ, হাফিজ ক্বারী মাওলানা শিহাব উদ্দিন, কবি-সাহিত্যিক মুহসিনা খাতুন রুমি, সাবেক কাউন্সিলর দিলোয়ার হোসেন, সাবেক ফুটবলার মাহমুদ আলীসহ অন্যান্যরা।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নিয়মিত পড়াশোনার পাশাপাশি জ্ঞান, ব্যক্তিত্ব ও নৈতিক গুণাবলীর বিকাশ ঘটিয়ে সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। দেশ ও জাতির উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএম সাকির আহমদ, মুগল ভূইয়া, আরিফুল ইসলাম জাবেদ, জুয়েল আহমদ চৌধুরী, মাহমুদুল হাসান সুহেল, শাহান আহমদ ও আবু সাইদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ দেলোয়ার হোসেন। এসময় উপকারভোগী শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।