স্টাফ রিপোর্টার ::
ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে পরিচালিত দৃষ্টি প্রকল্পের মাধ্যমে দরিদ্র মানুষের বিনামূল্যে ছানি অপারেশনসহ সাধারণ চক্ষু রোগের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। এই কার্যক্রমের অংশ হিসেবে বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত জামালগঞ্জ উপজেলাধীন নোয়াগাঁও বাজারের পাশে নোয়াগাঁও অষ্টগ্রাম ইসলামিয়া আলিম মাদরাসায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে উক্ত ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা অসহায় ও দুস্থ রোগীদের চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। উক্ত ক্যাম্পে সর্বমোট ৭৫ জনকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। তার মধ্যে ২৫ জন চক্ষু রোগীকে ছানি রোগী হিসেবে শনাক্ত করে তাদেরকে সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালে নিয়ে ওইদিনই তাদেরকে ছানি অপারেশন করা হয়। উক্ত ২৫ জন রোগীকে পরদিন বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতল থেকে রিলিজ প্রদান করা হয়।
রোগীদের বিদায়কালীন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালের ম্যানেজার মো. দুলাল মিয়া।
সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালের উদ্যোগে ও ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে অনুষ্ঠিত চক্ষু ক্যাম্পের সর্বমোট ৭৫ জন রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ২৫ জন ছানিপরা রোগীদের অপারেশনের পর প্রাপ্ত সুচিকিৎসা পেয়ে স্থানীয় চক্ষু রোগীরা ও জনসাধারণ সন্তোষ প্রকাশ করেছেন।