মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলায় হাওরে জলাবদ্ধতা নিরসনের উদ্দেশ্যে বাঁধ কাটতে গিয়ে আরমান হোসেন (১৮) নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সদর ইউনিয়নের শাইলানী গ্রামের চাঁনফর আলীর একমাত্র ছেলে। রবিবার সকাল সোয়া ১১টার দিকে এই ঘটনা ঘটে।
আরমানের মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। একমাত্র সন্তান হারিয়ে দিশেহারা পরিবার। সহপাঠী, স্বজন আর গ্রামের মানুষের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, মধ্যনগর সদর ইউনিয়নের ঘোড়াডোবা হাওরের সউলডোয়ারি ফসলরক্ষা বাঁধ এলাকায় শুক্রবার রাত ৯টার দিকে আশপাশের ছয়টি গ্রামের দেড় শতাধিক বিক্ষুব্ধ কৃষক হাওরের পানি নিষ্কাশনের উদ্দেশ্যে বাঁধের কিছু অংশ কেটে দেওয়ার জন্য জড়ো হন। পরে সবার মতামতের ভিত্তিতে ১৫ থেকে ২০জন কৃষক কোদাল দিয়ে বাঁধের কিছু অংশ কেটে দেন। রবিবার সকাল ১১টার দিকে উপজেলার শালিয়ানী গ্রামের বাসিন্দা আরমান হোসেনসহ ৫০থেকে ৭০জন লোক ঘোড়াডোবা হাওরের সউলডোয়ারি ফসলরক্ষা বাঁধ এলাকায় যান। বাঁধের কাটা স্থান দিয়ে হাওরের পানি নিষ্কাশনের জন্য বাঁধের কাটা স্থানে নিচের অংশ থেকে মাটি সরানোর জন্য আরমান হোসেন সেখানে নেমে কোদাল দিয়ে মাটি সরাতে থাকেন। এক পর্যায়ে বাঁধের একপাশের মাটি ধসে তারর ওপর পড়ে যায়। উপস্থিত লোকজন অচেতন অবস্থায় সেখান থেকে তাকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরমানকে মৃত ঘোষণা করেন।
মধ্যনগর থানার ওসি একেএম শাহাব উদ্দিন শাহীন বলেন, হাসপাতাল থেকে লাশটি রবিবার বিকালে মধ্যনগর থানায় নিয়ে আসা হয়েছিল। এই মৃত্যু নিয়ে কারও কোনো অভিযোগ না থাকায় লাশটি দাফনের জন্য পরিবারের লোকজন তাঁদের বাড়ি নিয়ে গেছেন।