প্রশংসায় ভাসছেন এমপি নাছির চৌধুরী

দিরাই-শাল্লায় ৮ সড়ক নির্মাণের প্রস্তাব অনুমোদন

আপলোড সময় : ১২-০৪-২০২৬ ০৯:৪৪:৫৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-০৪-২০২৬ ০৯:৪৪:৫৮ পূর্বাহ্ন
সামছুল ইসলাম সরদার :: সুনামগঞ্জ-২ আসনের (দিরাই-শাল্লা) সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীর একান্ত প্রচেষ্টায় ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আন্তরিকতায় ভাটির জনপদ দিরাই ও শাল্লা উপজেলায় ৮টি নতুন সড়ক নির্মাণের প্রস্তাব অনুমোদিত হয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন হাওরবাসীর কাক্সিক্ষত স্বপ্ন ৮টি সড়ক নির্মাণের প্রস্তাব অনুমোদন হওয়ায় প্রশংসায় ভাসছেন সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী। একই সাথে দিরাই-শাল্লাবাসী ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে। সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী বলেন, নির্বাচনের আগে বিএনপির চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করলে তিনি বলেছিলেন, যদি দিরাই-শাল্লাবাসী আপনাকে এমপি নির্বাচিত করে এবং আমাদের দল বিএনপি সরকার গঠন করে তাহলে আমি দিরাই-শাল্লার সার্বিক উন্নয়নের দায়িত্ব নিলাম। মাননীয় প্রধানমন্ত্রী কথা রেখেছেন। তিনি আমার দেওয়া ৮টি সড়ক নির্মাণের প্রস্তাব গ্রহণ করেছেন। সেগুলো হলো, তাড়ল ইউনিয়নের ধল রোড থেকে বাঙ্গাডর ডাইয়ারগাঁও নোয়াগাঁও সড়ক, করিমপুর ইউনিয়নের চান্দপুর সেতু হতে টানাখালি বাজার হয়ে মাটিয়াপুর সড়ক, জগদল ইউনিয়নে কলিয়ারকাপন বাজার থেকে চান্দপুর গুদারাঘাট সড়ক, ভাটিপাড়া বাজার থেকে ইসলামপুর কুচিরগাঁও সড়ক, রাজানগর ইউনিয়নের কাজুয়াবাদ হতে কালিনগর হাওর রোড, রতনগঞ্জ বাজার হতে কদমতলী সড়ক, শাল্লা উপজেলায় শশারকান্দা হতে আনন্দপুর বাজার সড়ক ও হরিনগর থেকে নওগাঁ সড়ক। তাছাড়া দিরাই-শাল্লায় একটি কলেজ, একটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও একটি মাদ্রাসা প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন হয়েছে। নাছির চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে আশ্বাস দিয়েছেন, পর্যায়ক্রমে দিরাই-শাল্লার সার্বিক উন্নয়নের ব্যবস্থা গ্রহণ করবেন। তিনি বলেন, এর আগে আমি ১৯৯৬ সালে এমপি হয়েছিলাম, সেসময় বিরোধী দলের এমপি হওয়ায় আশানুরূপ উন্নয়ন করতে পারিনি। জীবনের শেষ প্রান্তে এসে প্রিয় দিরাই-শাল্লাবাসী আমাকে এমপি বানিয়েছেন এবং আমার দল সরকার গঠন করেছে। আমি আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শে অবহেলিত দিরাই শাল্লার উন্নয়ন করতে সক্ষম হবো। এমপি নাছির চৌধুরী দিরাই-শাল্লাবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের নিঃস্বার্থ ভালোবাসার প্রতিদান দেওয়ার যোগ্যতা আমার নেই। আপনারা দোয়া করবেন আমি যেন আমৃত্যু আপনাদের সেবা করে যেতে পারি।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com