শান্তিগঞ্জ প্রতিনিধি ::
সারাদেশের ন্যায় সুনামগঞ্জেও অনুষ্ঠিত হয়েছে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা। শুক্রবার (১০ এপ্রিল) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হয়েছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার কার্যক্রম।
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয় শান্তিগঞ্জস্থ সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট, আব্দুল মজিদ কলেজ, আক্রম আলী দাখিল মাদ্রাসা ও সুনামগঞ্জ সরকারি কলজে কেন্দ্রে দুই পর্বে এই ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। সকাল এগারোটায় এ ইউনিটে ৩৬৮৫ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ২৩৪৩ জন পরীক্ষার্থী, অনুপস্থিত ছিলেন ১৩৪৫ জন পরিক্ষার্থী এবং পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৬৩.৫৮%।
২য় পর্বের পরীক্ষা শুরু হয় ৩টায় এবং শেষ হয় ৪টায়। বিকেলের (স্থাপত্য) পরীক্ষায় সর্বমোট ৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ২৮ জন, অনুপস্থিত ছিলেন ৪৬ জন এবং উপস্থিতির হার ছিল ৩৭.৮৩%।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছিল ব্যাপক প্রস্তুতি। পরীক্ষায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরাও সন্তোষ প্রকাশ করেছেন এবং সুযোগ পাবার আশাবাদ ব্যক্ত করেছেন।
উল্লেখ্য, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) ১ লাখ ৬৬ হাজার ১৬২ জন শিক্ষার্থী আবেদন করেছেন। মোট ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমন্বিত এই ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের এমসিকিউ অনুষ্ঠিত হয়েছে, যেখানে পাস নম্বর ৩০ নম্বর।