স্টাফ রিপোর্টার ::
বিশ্বম্ভরপুরের সীমান্ত এলাকা থেকে ২৪১ বোতল ভারতীয় মদের চালানসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯। গ্রেফতারকৃত ব্যক্তি মো. কাউছার (২০) উপজেলার দুধপুর গ্রামের মো. চান মিয়ার ছেলে। বৃহ¯পতিবার (রাত সাড়ে ৯টা) উপজেলার সলুকাবাদ ইউনিয়নের সলুকাবাদ এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়- সলুকাবাদ এলাকার একটি বসতবাড়ির সামনে কাঁচা রাস্তায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে একজন দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় তাকে ধাওয়া করে আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে সে জানায়, তার হেফাজতে বিদেশি মদ রয়েছে। পরে তার কাছে থাকা দুটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ২৪১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
র্যাব ৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাকে ও জব্দকৃত আলামত বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।