স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জে নির্যাতন সহ্য করতে না পেরে জুপি মজুমদার (১৯) নামের এক গৃহবধূর আত্মহত্যার ঘটনায় স্বামী মো. আরিফুল হক ওরফে সাগরকে ৩ বছরের সশ্রম কারাদন্ড- প্রদান করেছেন আদালত। গত ১১ মার্চ সুনামগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হাবিবুর রহমান চৌধুরী এই রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আরিফুল হক সাগর জামালগঞ্জ উপজেলার রামনগর গ্রামের আব্দুল হকের ছেলে। কারাদন্ডের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা অর্থদন্ড- এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদন্ড- দেওয়া হয়েছে।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৬ সালের ২৭ মার্চ দুপুরে জামালগঞ্জের রামনগর এলাকায় স্বামীর চাচার বাড়ির রান্নাঘরে আঁড়ার সাথে ওড়না পেঁচিয়ে জুপি মজুমদার (১৯) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেন। মৃত্যুর আগে তিনি মোবাইল ফোনে তার মায়ের কাছে স্বামীর পরিবারের পক্ষ থেকে শারীরিক ও মানসিক নির্যাতনের কথা জানিয়েছিলেন। এই ঘটনায় নিহতের বাবা মো. হাবিবুর রহমান বাদী হয়ে জামালগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আসামি আরিফুল হক সাগরকে দন্ড-বিধি ১৮৬০ এর ৩০৬ ধারায় দোষী সাব্যস্ত করে এই রায় প্রদান করেন। আসামি বর্তমানে পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত।
রায়ে উল্লেখ করা হয়, আসামি গ্রেপ্তার বা আত্মসমর্পণের দিন থেকে এই সাজা কার্যকর হবে। তবে ইতিপূর্বে আসামি যদি এই মামলায় হাজতবাস করে থাকেন, তবে সেই সময়কাল মূল সাজা থেকে বাদ যাবে। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি মো. জিয়াউর রহিম।