ধর্মপাশা প্রতিনিধি ::
ড্রাগ লাইসেন্স না থাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও নিবন্ধিত ডাক্তার না হয়েও নিজেকে ডাক্তার দাবি করায় ধর্মপাশা উপজেলার রাজাপুর বাজারে দুইজন ওষুধ ব্যবসায়ী ও একজন ভুয়া ডাক্তারসহ তিনজনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত থানা পুলিশ নিয়ে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ। ভ্রাম্যমাণ আদালতে দন্ড-প্রাপ্ত তিনজনের মধ্যে ড্রাগ লাইসেন্স না থাকা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় উপজেলার রাজাপুর বাজারের ওষুধ ব্যবসায়ী ও উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা সাব্বির আহমেদ (২৬) কে তিন হাজার টাকা, মিনহাজ উদ্দিন মাহতাবকে (৪২)কে সাত হাজার টাকা এবং ডাক্তার না হয়েও চেম্বার করে চক্ষু রোগীদের চিকিৎসা দেওয়ায় একই ইউনিয়নের তাহেরপুর গ্রামের বাসিন্দা ভুয়া ডাক্তার মনিরাম দত্ত (২৮) কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে পরিশোধ করে দন্ড-প্রাপ্তরা মুক্তি পান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ বলেন, আদায়কৃত জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।