স্টাফ রিপোর্টার ::
তাহিরপুরে যাদুকাটা নদীর পাড় কাটার সময় বালুচাপা পড়ে লিয়াকত আলী (৩২) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন। রবিবার ভোরে বাদাঘাট ইউনিয়নে যাদুকাটা নদীর পশ্চিম পাড়ে এ ঘটনা ঘটে। নিহত লিয়াকত আলী বিশ্বম্ভরপুর উপজেলার সিরাজপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুছের ছেলে।
স্থানীয়রা জানান, রবিবার সকালে লিয়াকত আলীসহ কয়েকজন শ্রমিক শিমুলবাগান-সংলগ্ন ঘাগটিয়া গ্রামের যাদুকাটা নদীর পশ্চিম পাড়ে বালু উত্তোলন করতে যান। এ সময় নদীর পাড় ধসে পড়লে বালুর নিচে চাপা পড়েন লিয়াকত আলীসহ দুজন। এতে লিয়াকত আলী ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে আহতাবস্থায় তাদের উদ্ধার করেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ভোরে নদীর পাড় কেটে বালু উত্তোলনের সময় একজন শ্রমিক নিহত হন এবং একজন আহত হন। নিহত শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।