স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার ‘উত্তর সুরমা স্বেচ্ছাসেবী সংগঠন’র প্রতিনিধি সম্মেলনে গুণীজন সম্মাননা হিসেবে ‘সুরমা অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন সুনামগঞ্জের চার দশকের অভিজ্ঞ সাংবাদিক আকরাম উদ্দিন। সোমবার (২৩ মার্চ) সকাল ১০টায় জাহাঙ্গীরনগর ইউনিয়নের ডলুরা শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত সংগঠনটির তৃতীয় প্রতিনিধি সম্মেলনে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। টানা চার দশক ধরে নির্ভীক সাংবাদিকতা, সততা ও সংগ্রামের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করায় সুনামগঞ্জের সুহৃদ সমাজ তাকে এ সম্মাননা প্রদান করে।
একই মাসে শহরের মুক্তারপাড়া এলাকায় সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তন এবং তার নিজ গ্রাম ইব্রাহীমপুরে পৃথক আয়োজনে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। পরবর্তীতে সুহৃদ সমাজের উদ্যোগে পুনরায় জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে তাকে সম্মাননায় ভূষিত করা হয়।
‘উত্তর সুরমা স্বেচ্ছাসেবী সংগঠন’র প্রতিনিধি সম্মেলনে গুণীজন সম্মাননা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর হাসপাতালের সহকারী অধ্যাপক (শিশু) ডা. আবুল কালাম, ডা. সাইফুল ইসলাম, ডা. নুরুজ্জামান সিফাত, ডা. এম এ মান্নান, জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান রশিদ আহমেদ, উত্তর সুরমা উন্নয়ন পরিষদের সদস্য সচিব ও শিক্ষক কে এম শামসুল আলম রাসেল, হোসেন আলী ফাউন্ডেশনের সভাপতি মো. ইউসুফ মিয়া, উত্তর সুরমা চাকরিজীবী পরিষদের সভাপতি মো. অহিদ মিয়া, ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি মো. শাহ আলম, জাহাঙ্গীরনগর সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি কাজী মো. মমিনুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্টজনরা।