সুনামকণ্ঠ ডেস্ক ::
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, নদী ও খাল যারা দখল করেছেন, তারা সাবধান হয়ে যান। আপনি যেই হোন, সরকারের চেয়ে, ১৮ কোটি জনগণের চেয়ে কেউ প্রভাবশালী নন।
সোমবার (১৬ মার্চ) দুপুরে কুমিল্লার লালমাই উপজেলার শাসনপাড়া-দোশারীচো থেকে ডাকাতিয়া নদীর শাখা খাল খনন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, যারা দখল করেছেন, এরা জোচ্চোর, দুষ্কৃতকারী। আপনারা দখল করেছেন, ছেড়ে দেন। আপনাদের ছেড়ে দিতেই হবে।
এর আগে দোশারীচো মাঠে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, নির্বাচনের আগে অনেকে অনেক কথা বলে, পরে বাস্তবায়ন করে না। কিন্তু বিএনপি প্রমাণ করেছে, আমরা কথায় কাজে এক। নির্বাচনের কালির দাগ মোছার আগেই ফ্যামিলি কার্ড কর্মসূচি শুরু করেছে। পহেলা বৈশাখ বা তারও আগে কৃষি কার্ড চালু করা হবে। দলের চেয়ারম্যান বলেছিলেন, আপনারা বিএনপিকে নির্বাচিত করলে আমরা খাল খনন কর্মসূচি শুরু করব। আমরা আজ শুরু করেছি। কৃষিঋণ মওকুফ করা হয়েছে। এরই মধ্যে ইমাম, মুয়াজ্জিনদের সম্মানী দেওয়া শুরু হয়েছে। এক মাসের মধ্যেই সরকার সব কাজ বাস্তবায়ন শুরু করেছে। এতেই প্রমাণ হয়, বিএনপি কথায় ও কাজে এক। তিনি বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে। দেশের ৭০ ভাগ মানুষ কৃষির সঙ্গে স¤পৃক্ত। ৭০ ভাগ মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো হলে অন্য ৩০ জনের অবস্থা অটোমেটিকেলি ভালো হয়ে যাবে। ডাকাতিয়া নদীর ওপর ডাকাতি হয়ে গেছে। নদী ভরাট করে বাড়িঘর করা হয়েছে। এ ডাকাতিয়া নদী উদ্ধার করা হবে।