সুনামগঞ্জ জেলা পরিষদের দায়িত্ব নিলেন মিজানুর রহমান চৌধুরী

আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ১২:২৪:০২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ১২:২৪:০২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান। সোমবার (১৬ মার্চ) দুপুর ১টায় জেলা পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথ। এছাড়া উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাদির আহমেদ, আবুল মনসুর শওকত, সেলিম উদ্দিন আহমেদ, আতাউর রহমান, হারুন উর রশীদ, রাকাব উদ্দিনসহ জেলা বিএনপি, ছাতক-দোয়ারাবাজার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় মিজানুর রহমান চৌধুরী মিজানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা বিএনপি এবং ছাতক ও দোয়ারাবাজার বিএনপির নেতারা। এক শুভেচ্ছা বার্তায় তারা বলেন, “একজন যোগ্য ও ত্যাগী নেতাকে মূল্যায়ন করায় আমরা আনন্দিত। আশা করি, তিনি তার কর্মের মাধ্যমে মানুষের কল্যাণে আত্মনিয়োগ করবেন।” গত রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এর অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পান মিজানুর রহমান চৌধুরী মিজান। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকা-কে ত্বরান্বিত করার লক্ষ্যে এ নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে। সরকারের এ সিদ্ধান্তের ফলে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা। উল্লেখ্য, মিজানুর রহমান চৌধুরী মিজানের বাড়ি ছাতক উপজেলার হায়দরপুর গ্রামে। তিনি ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। এবারের জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেও পরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলীয় স্বার্থে তা প্রত্যাহার করেন। ওই আসনে বিএনপির মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন দলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com