স্টাফ রিপোর্টার ::
ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের আওতায় সুনামগঞ্জ সদর উপজেলায় ইমার্জেন্সি হেলথ রেসপন্ডার (ইএইচআর) গ্রুপের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলা স্বাস্থ্য প্রশিক্ষণ ভবনের হলরুমে এ কর্মশালা পৃথক পৃথকভাবে অনুষ্ঠিত হয়।
কর্মশালার দুটি সেশনে উপজেলার ছয়টি ইউনিয়নের মোট ৫৪ জন স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন। সকাল সেশনে মোল্লাপাড়া ইউনিয়ন, কুরবাননগর ও লক্ষণশ্রী ইউনিয়নের এবং দুপুরের সেশনে কাঠইর, মোহনপুর ও গৌরারং ইউনিয়নের স্বেচ্ছাসেবীদের নিয়ে কর্মশালা পরিচালিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন শুকদেব সাহা ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. যশোবন্ত ভট্টাচার্য। এছাড়াও বিভিন্ন মেডিকেল অফিসার, উপজেলা বিআরডিবি কর্মকর্তা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ব্র্যাকের পক্ষ থেকে কর্মশালাটি পরিচালনা করেন এস.এম. তারিকুল ইসলাম। এসময় ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক শাহ আলম ও প্রোগ্রাম অর্গানাইজার আবুল হোসেন উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগসহ যে কোনো জরুরি পরিস্থিতিতে স্বাস্থ্যসেবা প্রদান ও উদ্ধার কার্যক্রমে করণীয় বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন। পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি ও করণীয় বিষয়ও তুলে ধরা হয়।