স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী দেশের জনপ্রিয় পর্যটন ¯পট বারেক টিলায় (বারিক্কার টিলা) প্রকাশ্যে সরকারি গাছ কাটার ঘটনায় ১৬ জনের নাম উল্লেখ করে তাহিরপুর থানায় মামলা দায়ের করেছে উপজেলা প্রশাসন।
গত বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা রঞ্জন কুমার দাস বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন বারেক টিলার আনন্দপুর গ্রামের সাবেক ট্রাইব্যাল চেয়ারম্যান পুলক আজিম, বড়গোপ টিলার মোশারফ হোসেন মোসা, হাফিজ, মানিক, জালাল, রাতুল মারাক, শহীদ, নজরুলসহ মোট ১৬ জন।
জানা গেছে, গত বুধবার (১১ মার্চ) দুপুরে তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বারেক টিলার ওয়াচ টাওয়ার সংলগ্ন এলাকা থেকে ৩-৪টি সরকারি গাছ কেটে নিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।
পরে বৃহ¯পতিবার (১২ মার্চ) শক্তিয়ারখলা বিট অফিসার রথিন্দ্র কিশোর রায় এবং ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা রঞ্জন কুমার দাস ঘটনাস্থল পরিদর্শন করে গাছ কাটার সত্যতা পান।
এ বিষয়ে শক্তিয়ারখলা বিট অফিসার রথিন্দ্র কিশোর রায় বলেন, বারেক টিলার বাসিন্দা শহীদসহ ১৫-১৬ জনের একটি চক্র দীর্ঘদিন ধরে টিলার গাছ কেটে নিয়ে যাচ্ছে। বিষয়টি যাচাই করে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে তাদের বিরুদ্ধে ১৬ জনের নামে মামলা করা হয়েছে।