সুনামকণ্ঠ ডেস্ক ::
জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়িতে ১২ পুলিশ সদস্যকে হত্যার অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদসহ ৪২ জনকে আসামি করে মামলার আবেদন করা হয়। বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালতে যাত্রাবাড়ি থানার ওসি আবুল হোসেনের ছোট ভাই জালাল হোসেন মামলার আবেদন করেন। তবে আদালত মামলা আমলে না নিয়ে খারিজ করে দিয়েছে বলে জানান বাদীপক্ষের আইনজীবী অনিক দেওয়ান।
মামলায় আরও যাদের আসামি করার আবেদন করা হয়েছিল তাদের মধ্যে রয়েছেন সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ, আব্দুল কাদের, আবু বাকের মজুমদার, রিফাত রশিদ, হাসিব আল ইসলাম, নুসরাত তাবাসসুম, উসামা ফাতেমা, আরিফ সোহেল।
এ বিষয়ে জানতে মামলার বাদী জালালের দেওয়া নাম্বারটিতে ফোন দিলে তা ব্যবহৃত হচ্ছেনা বলে জানা গেছে। এছাড়াও সংশ্লিষ্ট আদালতের পেশকার আব্দুল্লাহ জুয়েলেকে বারবার ফোন দিয়েও পাওয়া যায়নি।
মামলায় অভিযোগ করা হয়, জুলাই আন্দোলনের শেষ দিন অর্থাৎ ৫ আগস্ট বিকাল সাড়ে ৫টার দিকে আসিফ মাহমুদের নেতৃত্বে যাত্রাবাড়ি থানার সামনে অন্তত ৭-৮ টি গাড়ি পুড়িয়ে মালামাল লুট করা হয়। হামলা, ভাঙচুর করে থানা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। একপর্যায়ে পুলিশ সদস্যদের মারধর করে এবং সরকারি গুরুত্বপূর্ণ নথিতে আগুন লাগিয়ে দেয়। ওইখানে থাকা আসিফ মাহমুদ এবং তার সহকারীদের সহযোগিতায় ওসি আবুল হোসেনসহ ১২ জন কুপিয়ে হত্যা করে।