স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ পৌর শহরসহ সদর উপজেলার রাধানগর পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের দায়ে পাঁচ প্রতিষ্ঠানকে ১ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার সকালে পৌর শহরের আলফাত স্কয়ার এলাকায় প্রথমে বনফুল-এর একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর সিটি ফার্মেসিকে এক ভোক্তার অভিযোগ প্রমাণিত হওয়ায় ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। দুপুরে শহরের কাজির পয়েন্ট এলাকায় একটি পাইকারি কলার দোকানে গিয়ে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার। সেখানে অশোক বিশ্বাস নামের এক পাইকারি কলা ব্যবসায়ীর কলার গুদামে অভিযান পরিচালনা করে কৃত্রিম উপায়ে কলা পাকানোর প্রমাণ পাওয়ায় তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে প্রিয়াঙ্গন মার্কেট এলাকায় সিম্পল শোরুমে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার। সেখানে ডিসকাউন্টে কাপড় বিক্রি করা হয়। কিন্তু ক্রয়মূল্য দেখাতে ব্যর্থ হওয়ায় ওই প্রতিষ্ঠানকেও ২ হাজার টাকা জরিমানা করা হয়। বেলা ১টার দিকে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের রাধানগর পয়েন্ট এলাকার মেসার্স তাওসিফ গ্যাস হাউস নামের প্রতিষ্ঠানে মূল্য তালিকা না পাওয়ায় ২ হাজার টাকাসহ মোট ১ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি সতর্ক দেওয়া হয়।