স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলায় প্রথম শ্রেণির এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ভুট্টাখেতে নিয়ে নির্যাতনের অভিযোগে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে বুধবার বিকেলে অভিযান চালিয়ে অভিযুক্ত বিল্পব (২০) নামে এক যুবককে আটক করা হয়। সে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের কাঁচা ষোলঘর গ্রামের বাসিন্দা এবং তার পিতা রইছ মিয়া।
অভিযোগে জানা গেছে, ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণির ওই ছাত্রীকে চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে পাশের একটি ভুট্টাখেতে নিয়ে গিয়ে নির্যাতন করে বিপ্লব। ঘটনার পর শিশুটির মা সন্তানকে সঙ্গে নিয়ে সুনামগঞ্জ সদর থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন।
পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে সুরমা ইউনিয়নের কাঁচা ষোলঘর এলাকা থেকে অভিযুক্ত বিল্পবকে পুলিশ গ্রেফতার করে। এদিকে নির্যাতিত শিশুটিকে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ জানান, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।