তরুণদের নেতৃত্ব বিকাশে জনউদ্যোগের গোলটেবিল বৈঠক

আপলোড সময় : ১২-০৩-২০২৬ ১২:২৫:২৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-০৩-২০২৬ ১২:২৫:২৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনে নেতৃত্ব বিকাশে তরুণ প্রজন্মের ভাবনা ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে সামাজিক সংগঠন সুনামগঞ্জ জনউদ্যোগ। সংগঠনের সদস্য, কবি ও লেখক সুখেন্দু সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখেন জনউদ্যোগের সদস্য ও সুনামগঞ্জ মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক পাঞ্চালি চৌধুরী, সংগঠনের সদস্য ও কেন্দ্রীয় উদীচীর সহসভাপতি জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি বুরহান উদ্দিন, একুশে থিয়েটারের সভাপতি পল্লব ভট্টাচার্য্য এবং জেলা উদীচীর সাধারণ সম্পাদক জহির উদ্দিন। বক্তারা বলেন, একটি সচেতন, মানবিক ও প্রগতিশীল সমাজ গড়ে তুলতে তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুনামগঞ্জের সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা করতে হলে তরুণদের নেতৃত্ব বিকাশে বিশেষ গুরুত্ব দিতে হবে। তরুণদের মধ্যে মানবিক মূল্যবোধ, মুক্তচিন্তা ও সাংস্কৃতিক চর্চা বাড়াতে বিভিন্ন সংগঠনকে আরও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। গোলটেবিল বৈঠকে বিভিন্ন সংগঠনের তরুণ-তরুণীরা তাদের মতামত তুলে ধরে বলেন, তরুণদের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে সমাজের ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এজন্য তরুণদের সংগঠিত করা, সাংস্কৃৃতিক চর্চার সুযোগ সৃষ্টি এবং নেতৃত্ব বিকাশে পরিকল্পিত উদ্যোগ নেওয়ার প্রয়োজন রয়েছে। এ সময় গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেন জেলা উদীচী ও একুশে থিয়েটারের সাংস্কৃতিক কর্মীরা, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির তরুণ-তরুণী, বাংলাদেশ মহিলা পরিষদের তরুণী সদস্য, কর্নিকা মুক্ত স্কাউটস দলের সদস্য এবং যুবফোরামের তরুণ-তরুণীরা। গোলটেবিল বৈঠকের সঞ্চালনা করে সংগঠনের সদস্য সচিব সাইদুর রহমান আসাদ।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com