সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের আহমেদাবাদ পয়েন্টে অবৈধভাবে পেট্রোল মজুদ রাখার দায়ে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দ-িত করার ঘটনা স্থানীয় প্রশাসনের দায়িত্বশীলতার একটি ইতিবাচক দৃষ্টান্ত। সম্প্রতি অভিযান চালিয়ে কাগজপত্রবিহীন ১১ ব্যারেল পেট্রোল উদ্ধার এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীকে জরিমানা ও কারাদ- প্রদান - এই পদক্ষেপ শুধু আইন প্রয়োগের দৃষ্টান্তই নয়, বরং জ্বালানি খাতে অনিয়ম রোধে কঠোর অবস্থানেরও প্রতিফলন।
জ্বালানি তেল এখন বিশ্ব রাজনীতি ও অর্থনীতির অন্যতম সংবেদনশীল বিষয়। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশেষ করে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরাইলকে ঘিরে সৃষ্ট সংঘাত ও সামরিক উত্তেজনার প্রভাব আন্তর্জাতিক জ্বালানি বাজারে স্পষ্টভাবে পড়েছে। এই পরিস্থিতিতে বিশ্ববাজারে তেলের দাম ওঠানামা করছে এবং সরবরাহ নিয়েও নানা অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে জ্বালানি নিয়ে নানা ধরনের গুজব, কৃত্রিম সংকট ও মজুদদারির প্রবণতা অনেক দেশে দেখা দিচ্ছে।
এই বৈশ্বিক পরিস্থিতির প্রভাব থেকে বাংলাদেশও সম্পূর্ণ মুক্ত নয়। আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা কিংবা সরবরাহ পরিস্থিতি নিয়ে আশঙ্কা তৈরি হলে কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নেওয়ার চেষ্টা করে। তারা অবৈধভাবে জ্বালানি মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করতে পারে, যার ফলে সাধারণ মানুষ ও পরিবহন খাত ক্ষতিগ্রস্ত হয়। এমন কর্মকা- শুধু আইনবিরোধীই নয়, বরং এটি অর্থনৈতিক শৃঙ্খলার জন্যও হুমকিস্বরূপ।
গৌরারংয়ের ঘটনায় প্রশাসনের দ্রুত পদক্ষেপ প্রমাণ করে যে আইন প্রয়োগকারী সংস্থাগুলো সতর্ক রয়েছে। তবে বিচ্ছিন্ন অভিযানই যথেষ্ট নয়; প্রয়োজন ধারাবাহিক নজরদারি, বাজার তদারকি এবং কঠোর শাস্তির বাস্তবায়ন। একই সঙ্গে জ্বালানি বিপণন ও সংরক্ষণ ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও নিয়ন্ত্রিত করতে হবে, যাতে অবৈধ মজুদ বা কালোবাজারির সুযোগ না থাকে।
সচেতন নাগরিক সমাজের ভূমিকাও এখানে গুরুত্বপূর্ণ। কোথাও অবৈধভাবে জ্বালানি মজুদ বা বিক্রির তথ্য পাওয়া গেলে তা দ্রুত প্রশাসনকে জানানো উচিত। কারণ জ্বালানি খাতের স্থিতিশীলতা কেবল সরকারের নয়, বরং পুরো সমাজ ও অর্থনীতির স্বার্থের সঙ্গে জড়িত।
বর্তমান বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি। গৌরারংয়ের ঘটনার মতো অভিযান অব্যাহত থাকলে অবৈধ মজুদদারদের জন্য এটি একটি কঠোর বার্তা হয়ে উঠবে - আইনের ঊর্ধ্বে কেউ নয়।