স্টাফ রিপোর্টার ::
তাহিরপুরে ২৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সিরাজ মিয়া (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৯ মার্চ) ভোররাতে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী লাকমা নতুনপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সিরাজ মিয়া একই ইউনিয়নের লাকমা পূর্বপাড়া গ্রামের মৃত তাজু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. রিপন উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন হিসেবে সিরাজ মিয়াকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ হাজার টাকা। আটক ব্যক্তিকে উদ্ধারকৃত ইয়াবাসহ তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় এসআই রিপন উদ্দিন বাদী হয়ে তাহিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। আটক আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।