দিরাই প্রতিনিধি ::
দিরাই পৌরশহরসহ হাওরাঞ্চলে প্রতিটি এলাকায় সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন মানুষজন।
পৌর শহরের থানা রোডের বাসিন্দা রাজু মিয়া বলেন, আমি পার্শ্ববর্তী বাসার নলকূপ থেকে পানি এনে হোটেল চালাতাম। এখন নলকূপে পানি উঠে না। আশপাশে পুকুর বা নদী না থাকায় ব্যবসা চালাতে হিমশিম খাচ্ছি।
দিরাই বাজারের ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, আমাদের বাসার টিউবওয়েল পানি উঠে না। এখন প্রায় লাখ টাকা খরচ করে নতুন টিউবওয়েল বসিয়েছি। আমাদের পৌরশহরে বিশুদ্ধ পানির খুবই অভাব চলছে। বাজারের সরকারি টিউবওয়েলগুলো দীর্ঘ দিন ধরে বিকল থাকায় পানি সংকট দিন দিন বেড়েই চলছে। পানি সংকটে দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে। গতবারের তুলনায় এবার পানি সংকট আরও তীব্র আকার ধারণ করছে।
এ বিষয়ে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার বলেন, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় এ সমস্যা হচ্ছে। আমরা বিষয়টি উপজেলা স্বাস্থ্য প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। বাজারের বিকল টিউবওয়েলগুলো মেরামতসহ প্রয়োজনীয় ডিপ টিউবওয়েল বসানোর পরিকল্পনা গ্রহণ করা হবে।