স্টাফ রিপোর্টার ::
হাওরাঞ্চলের দখল হওয়া খাল ও নদী উদ্ধারে বাঁধা আসতে পারে। সকলের সহযোগিতা নিয়ে দখলে থাকা খাল ও নদী উদ্ধার করা হবে বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর এম আহমেদ। শুক্রবার বিকেলে শান্তিগঞ্জের আখতাপাড়ায় খাল খনন কর্মসূচি অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি।
দরগাপাশা ইউনিয়ন পরিষদের গ্রামীণ অবকাঠামো কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে কয়ছর এম আহমেদ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সর্বপ্রথম খাল খনন শুরু করেছিলেন। তার স্বপ্ন বাস্তবায়নে বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ভরাট হওয়া খাল উদ্ধার করা। তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ইতোমধ্যে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছেন। দেশের সকল খাল খনন করতে প্রচেষ্টা চালানো হয়েছে।
তিনি এসময় আরও বলেন, বিএনপি চায় খালকে খাল ও নদীকে নদীর মতো দেখতে। যার মাধ্যমে কৃষি ও মৎস্যের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পরিবেশ ভারসাম্য রক্ষা করা হবে। তাই খাল খননের সাথে বৃক্ষরোপণের উপর গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার।
খাল খনন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, শান্তিগঞ্জ থানার ওসি অলি উল্লাহ, দরগাপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুফি মিয়া প্রমুখ।