স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুরে পারিবারিক বিরোধকে কেন্দ্র চাচার হামলায় ভাতিজা আহত হয়েছেন। আহত আলী আমজদ বর্তমানে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার ফতেপুর ইউনিয়নের পিরিজপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আলী আমজদ (২৩) উপজেলার পিরিজপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, চাচা-ভাতিজার মধ্যে পূর্বের হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে বিরোধ চলছিল। বিষয়টি সামাজিকভাবে মীমাংসার জন্য বৈঠকের উদ্যোগ নেওয়া হলেও বৈঠকের স্থান নির্ধারণ নিয়ে জটিলতা দেখা দেয়। এতে বিরোধের সমাধান হয়নি। ভুক্তভোগীর পরিবার অভিযোগ করে জানায়, ঘটনার দিন আলী আমজদ মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় তার চাচা বুরহান উদ্দিনসহ কয়েকজন পথরোধ করে তাকে মারধর করেন। এ সময় তার কাছ থেকে নগদ ৫ লাখ টাকা ও একটি আইফোন ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে। মারধরে আহত আলী আমজদকে স্থানীয়রা উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ বিষয়ে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ভুক্তভোগীর পরিবার। বিশ্বম্ভরপুর থানা পুলিশ জানায়, মুঠোফোনে এমন একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।