সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জকে এগিয়ে নিয়ে যাবো : এমপি নূরুল ইসলাম

আপলোড সময় : ০৪-০৩-২০২৬ ০৪:৩৯:৫১ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-০৩-২০২৬ ০৪:৩৯:৫১ পূর্বাহ্ন
জালাল উদ্দিন নাসিম :: সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল বলেছেন, দেশের ৬৪ জেলার মধ্যে উন্নয়নের সূচকে সুনামগঞ্জের অবস্থান ৬৩তম এবং শিক্ষার ক্ষেত্রে ৬৪তম। এই অবস্থার পরিবর্তনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, সঠিক পরিকল্পনা ও কার্যকর তদারকির মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে সুনামগঞ্জকে এগিয়ে নেওয়া হবে। এমপি নূরুল ইসলাম নূরুল আরও বলেন, সর্বস্তরের সাধারণ মানুষকে সঙ্গে নিয়েই উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবো। একই সঙ্গে মাদক, জুয়া ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে প্রশাসনকে নির্দেশ দেন তিনি। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে তাকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠান ও মতবিনিময় সভায় এ কথাগুলো বলেন এমপি নূরুল ইসলাম নূরুল। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল বলেন, তারেক রহমান-এর ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করা হবে। তিনি জানান, ইতোমধ্যে দিরাই উপজেলাসহ দেশের বিভিন্ন স্থানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। শিগগিরই সুনামগঞ্জেও ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড প্রদান করা হবে। পাশাপাশি ইমাম-মোয়াজ্জিনদের জন্য সম্মানির ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (সুনামগঞ্জ-২৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com