দিরাই প্রতিনিধি ::
সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে প্রশিক্ষণের উদ্বোধন করেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার।
দিরাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)-এর সহযোগিতায় সোমবার সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিরাই উপজেলা কৃষি কর্মকর্তা মনোরঞ্জন অধিকারী।
স্বাগত বক্তব্য রাখেন সুনামগঞ্জ বারটান আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও আঞ্চলিক প্রধান মুসফিকুছ সালেহীন। প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার বলেন, শরীরের সুস্থতার জন্য আমাদের ফলিত পুষ্টি জাত শাকসবজি ও খাদ্যের প্রয়োজন। আমাদের অসচেতনতার কারণে অনেক সময় ফলিত পুষ্টিজাত খাদ্য গ্রহণ থেকে আমরা বঞ্চিত থাকি। আমরা ইচ্ছে করলেই সামান্য অর্থ ও কষ্টে নিজেই পুষ্টিজাত শাকসবজি ফলাতে পারি, যাতে প্রচুর ভিটামিন থাকে। সকল শ্রেণির মানুষকে পুষ্টিজাত শাকসবজি ও খাদ্য নিজে ফলাতে উদ্বুদ্ধ করতেই এ প্রশিক্ষণের আয়োজন। আজকের প্রশিক্ষণে শিক্ষক, সাংবাদিক, ইমাম, পুরোহিতসহ সকল শ্রেণি-পেশার জনগণকে সম্পৃক্ত করা হয়েছে। আপনারা প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে নিজে এবং অন্যকে ফলিত পুষ্টিজাত শাকসবজি ও খাদ্য উৎপাদনে উৎসাহিত করবেন।
প্রশিক্ষণে দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার, অর্থসম্পাদক প্রশান্ত সাগর দাস, শিক্ষক সুধা সিন্ধু দাস, সুমনা আচার্য্যসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।